হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) দ্রুত সময়ের মধ্যে যাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের এভিয়েশন খাতের আধুনিকায়ন এবং থার্ড টার্মিনাল চালুর পথে থাকা বাধাগুলো অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, “প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করছেন যাতে দ্রুততম সময়ের মধ্যে থার্ড টার্মিনালটি চালু করা যায়। তিনি আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন যেন সব প্রক্রিয়া সম্পন্ন করে এটি যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়।”
টার্মিনাল চালুর নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, “অবিলম্বে কাজ শুরু হবে। এখন অভ্যন্তরীণ আলোচনা ও কারিগরি তদন্ত সম্পন্ন করে দেখা হবে কত দ্রুত এটি চালু করা সম্ভব। তবে এখনই কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলা যাচ্ছে না।”
থার্ড টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হওয়া সত্ত্বেও কেন এতদিন চালু করা সম্ভব হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “কেন চালু হয়নি সেই দায়ভার বিগত অন্তর্বর্তী সরকারের। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী স্বয়ং উদ্যোগ নিয়েছেন স্থবিরতা কাটিয়ে উঠতে। কিছু অবকাঠামোগত সমন্বয় ও নেটওয়ার্কিং সমস্যার সমাধানের কাজও সমানতালে চলবে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনালটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী হ্যান্ডলিং ক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটিতে উন্নীত হবে, যা দেশের পর্যটন ও অর্থনৈতিক খাতে নতুন দিগন্তের সূচনা করবে।


আপনার মতামত লিখুন :