ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৯ পিএম

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নবনির্বাচিত এই সংসদের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “সংসদ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে সারসংক্ষেপ পাঠাতে হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ১২ মার্চ অধিবেশন আহ্বান করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

প্রথম অধিবেশনের আলোচ্যসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ মার্চ শুরু হতে যাওয়া অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে: নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। বিগত অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত হওয়া সকল অধ্যাদেশ সংসদে উপস্থাপন ও অনুমোদনের প্রক্রিয়া শুরু করা। সংসদের অন্যান্য নিয়মিত সংসদীয় কার্যক্রম পরিচালনা।

রাজধানীর আদাবরে একটি অফিসে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি তাৎক্ষণিকভাবে খোঁজ নিতে বলেছি এবং গভীর তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!