পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
হাইকমিশনার জানান, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত ১৩ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠান এবং টেলিফোনে আলাপ করেন।
প্রণয় ভার্মা গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা স্মরণ করে বলেন, ওইদিন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করে ঢাকা সফর করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি হস্তান্তর করেন।
হাইকমিশনার বলেন, “আমাদের এই উচ্চপর্যায়ের যোগাযোগগুলোই প্রমাণ করে যে, বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে ভারত কতটা আগ্রহী। একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে।”
তিনি আরও যোগ করেন, নতুন সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভিত্তিতে ‘জনগণকেন্দ্রিক’ সহযোগিতা জোরদার করতে ভারত অত্যন্ত আশাবাদী।


আপনার মতামত লিখুন :