ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৫২ এএম

প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেনানিবাসের কার্যালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রধানগণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও সামরিক কায়দায় অভিবাদন জানান। এরপর প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে সেনানিবাস এলাকায় বিশেষ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সশস্ত্র বাহিনী বিভাগে দাপ্তরিক কাজ শুরুর পর প্রধানমন্ত্রী নব-পদোন্নতিপ্রাপ্ত দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের মতে, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সেনানিবাসে নিয়মিত অফিস করা এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া জাতীয় নিরাপত্তা ও চেইন অফ কমান্ড মজবুত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!