ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

তাজুল ইসলাম অপসারিত, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৫৯ এএম

তাজুল ইসলাম অপসারিত, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। এডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আমিনুল ইসলামকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন চিফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম দেশের একজন সুপরিচিত আইনজীবী। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলাগুলোতে তাঁর পক্ষে আইনি লড়াই করা আইনজীবী দলের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরের আগে গত রোববার বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেখানে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের কথা তাঁকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে আকস্মিক এই পরিবর্তন বা অপসারণের বিষয়ে এখন পর্যন্ত তাজুল ইসলামের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, নির্বাচিত সরকার আসার পর সেখানে নতুন নেতৃত্ব নিয়োগের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলামের নিয়োগকে ট্রাইব্যুনালের কার্যক্রমে নতুন গতি আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকে। বিশেষ করে বিগত সরকারের সময় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর ভবিষ্যৎ এখন এই নতুন প্রসিকিউশন টিমের ওপর নির্ভর করছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!