ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পুলিশে জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:২২ পিএম

পুলিশে জরুরি ভিত্তিতে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারা দেশে পুলিশের জনবল সংকট দূর করতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য হলো জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা এবং বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, বিগত সরকারের সময় লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে বিতর্কিত প্রক্রিয়া ছিল, তা বাতিল করে এখন থেকে দক্ষতা ও সার্ভিস রেকর্ডের ভিত্তিতে পদায়ন করা হবে।

বিগত সরকারের আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই (ভেরিফাই) করা হবে। যারা এসব অস্ত্র পাওয়ার যোগ্য নন, তাদের লাইসেন্স বাতিলের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে।”

১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেসব অস্ত্র নির্ধারিত সময়ে জমা পড়েনি বা উদ্ধার হয়নি, সেগুলো এখন অবৈধ। এগুলো উদ্ধারে নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া তিনি ঘোষণা দেন যে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী পুনরায় বিচার প্রক্রিয়া শুরু হবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!