ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই মাঠ পর্যায়ের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করেন, তবে ১ মার্চ অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পর সামনে রয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বড় পরিসরের স্থানীয় সরকার নির্বাচন। মূলত এই নির্বাচনগুলোকে স্বচ্ছ ও প্রভাবমুক্ত রাখতেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই রদবদল। নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তারা আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন।
এদিকে আজই ইসি সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও নির্বাচন কমিশনের পাশে থাকার এবং কারিগরি ও পর্যবেক্ষণমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :