ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পিলখানা মামলা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:৩৯ এএম

পিলখানা মামলা: প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও রক্তাক্ত দিন। পিলখানায় ৫৭ জন অকুতোভয় সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের প্রাণহানির সেই ঘটনার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার।

তবে দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন। বিস্ফোরক আইনের মামলায় সম্পূরক চার্জশিটের মাধ্যমে প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক এবং ফজলে নূর তাপসসহ তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের।

বিডিআর বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, তদন্ত ও সাক্ষ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের শনাক্ত করা হচ্ছে।

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম আমাদের তদন্তে এসেছে। আইনি প্রক্রিয়ায় তাদের এই মামলায় অন্তর্ভুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

পিলখানা ট্র্যাজেডির দুটি অংশ হত্যা মামলা ও বিস্ফোরক মামলা। ২০১৩ সালে বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। বর্তমানে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই মামলাটি এখনো বিচারিক আদালতেই ঝুলে আছে। ১২০০ সাক্ষীর মধ্যে মাত্র ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়েছে।

দীর্ঘ ১৭ বছরেও বিচার শেষ না হওয়ায় দগ্ধ হচ্ছেন নিহতদের পরিবার এবং অভিযুক্তদের আত্মীয়স্বজন উভয়ই।

আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসাইন জানান, হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন, বিস্ফোরক মামলার কারণে তারাও জামিন পাচ্ছেন না। ফলে এক সীমাহীন আইনি জটিলতায় আটকা পড়েছেন শত শত মানুষ।

ডিজিএন/এনএস

banner
Link copied!