বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া আরও জোরদার করেছে বর্তমান সরকার। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে বলা হয়, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।”
এর আগে গত রোববারও এক হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছিল মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলাগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিরোধী মত দমনে এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা প্রায় ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর ফলে সারা দেশে প্রায় পাঁচ লাখ মানুষ আইনি হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই গণ-প্রত্যাহারের ফলে দেশের বিচার ব্যবস্থার ওপর চাপ কমবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :