আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য বড় সুখবর নিয়ে এলো সরকার। আগামী ১০ মার্চ দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন মা ও বোনেরা।”
মন্ত্রী জানান, শুরুতে পাইলটিং বা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলাকে এই প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে। এই ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি নির্দিষ্ট ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আগামী ১০ মার্চ একযোগে এই ১৪টি উপজেলায় কার্যক্রমটি শুরু হবে এবং আগামী চার মাসের মধ্যে এটি সফলভাবে সম্পন্ন করে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিন শ্রেণির পরিবারগুলোর মায়েরা এই কার্ডের মূল সুবিধাভোগী হবেন। কোনো রাজনৈতিক সুপারিশ নয়, বরং ‘ডোর টু ডোর’ বা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা তৈরি করা হবে। ধর্ম-বর্ণ বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এটি একটি ‘সর্বজনীন কার্ড’ হিসেবে বিতরণ করা হবে।
প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বি-স্তরের ‘চেকিং ও রি-চেকিং’ ব্যবস্থা থাকবে। প্রতিটি উপজেলার তদারকির দায়িত্বে থাকবেন একজন করে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সরকারি কর্মচারীদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে যাতে কোনো তথ্যগত ভুল বা অনিয়ম না হয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের ওপর কাজ করেছেন এবং এটি জাতীয়তাবাদী দলের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।


আপনার মতামত লিখুন :