জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কাঠামোর পরিবর্তনের পরিপ্রেক্ষিতে চলতি ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, বহুল ব্যবহৃত প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ভোক্তা পর্যায়ে এখন থেকে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হবে ১৩৪১ টাকা। এর আগে গত ২ ফেব্রুয়ারি এই দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এনবিআর উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপ করার ফলে এই মূল্য সমন্বয় সম্ভব হয়েছে। নতুন এই দর আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কিছুটা কমেছে। চলতি মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ১৪ পয়সা করা হলেও, নতুন সমন্বয়ে তা লিটারপ্রতি ২৮ পয়সা কমানো হয়েছে। ফলে এখন থেকে অটোগ্যাসের নতুন দাম হবে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা।
রমজান মাসে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, তখন রান্নার গ্যাসের দাম কমার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। উল্লেখ্য, জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৩০৬ টাকা, যা ফেব্রুয়ারির শুরুতে একলাফে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা করা হয়েছিল। দ্বিতীয় দফার এই হ্রাসে কিছুটা হলেও স্বস্তি ফিরবে জনমনে।


আপনার মতামত লিখুন :