ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৫৪ এএম

শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদায় ও রাষ্ট্রীয় গুরুত্বের সাথে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে ‍‍`জাতীয় শহীদ সেনা দিবস‍‍`। ২০০৯ সালের এই দিনে পিলখানা সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে আজ সকালে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১০টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে পৌঁছান এবং শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নিরবতা পালন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। তাদের পর তিন বাহিনীর প্রধানগণ এবং শহীদদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট। এই নৃশংস ঘটনার পর অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।” তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যেন বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আজ পুনরায় শপথে বলীয়ান হওয়ার আহ্বান জানান তিনি।

১৭ বছর আগে ২০০৯ সালের এই দিনে বিদ্রোহের নামে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ মেধাবী সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়। গত বছর থেকে বর্তমান সরকার এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‍‍`জাতীয় শহীদ সেনা দিবস‍‍` হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!