জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে সভাপতিত্ব করার পর তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
শিল্পকলা, ভাষা ও সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন শাখায় যারা গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের হাতে পদক, সনদ ও সম্মানী চেক তুলে দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় এই সর্বোচ্চ স্বীকৃতির মাধ্যমে গুণী ব্যক্তিদের সম্মানিত করার এই অনুষ্ঠানটি সারা দেশে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
একুশে পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী আজ বিকেলেই যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক মিলনমেলা ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে। দীর্ঘ অপেক্ষার পর আজ সশরীরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সরকারের উচ্চপদস্থ মন্ত্রী, সচিব এবং বরেণ্য সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। বইমেলার উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে একাডেমি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :