ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাতিল ও কর্মস্থলে থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৩৪ এএম

৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাতিল ও কর্মস্থলে থাকার নির্দেশ

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার মূল বিষয়সমূহ: উপনির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের দিন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মী সাপ্তাহিক বা অন্যান্য ছুটি ভোগ করতে পারবেন না। কাজের প্রয়োজনে নির্ধারিত অফিস সময়ের পরেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। জরুরি প্রয়োজনে ত্যাগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি বাধ্যতামূলক। এই আদেশ কেবল ইসির স্থায়ী কর্মকর্তাদের জন্যই নয়, বরং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।

তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত ইসির নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় যে কোনো ধরণের গাফিলতি বরদাশত করা হবে না।

উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!