রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকা। উৎপত্তিস্থল দেশের ভেতরে হওয়ায় সাতক্ষীরাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মানুষ অত্যন্ত শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছেন। জুমার নামাজের সময় এই কম্পন অনুভূত হওয়ায় অনেক জায়গায় মসজিদে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এক মাসে ৯ বার ভূমিকম্প: চলতি ফেব্রুয়ারি মাসটি যেন ভূমিকম্পের মাসে পরিণত হয়েছে। আজসহ গত ২৭ দিনে দেশ অন্তত ৯ বার কেঁপে উঠল: আজ (২৭ ফেব্রুয়ারি): সাতক্ষীরায় ৫.৩ মাত্রা। গত বুধবার: মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার কম্পন। ১৯ ফেব্রুয়ারি: সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রা। ৯ ও ১০ ফেব্রুয়ারি: সিলেটে দুইবার মৃদু কম্পন। ৩ ফেব্রুয়ারি: একই দিনে তিনবার (কলারোয়ায় ৪.১ এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রা)। ১ ফেব্রুয়ারি: সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন।
ভূ-তত্ত্ববিদরা ঘন ঘন এই কম্পনকে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশের অভ্যন্তরে উৎপত্তিস্থল হওয়ায় জানমালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে।


আপনার মতামত লিখুন :