ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:০৬ পিএম

গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত দ্রুত করা হবে: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন পুলিশ হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বলেন, "জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে এবং এই তদন্ত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।"

তিনি আরও যোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি শক্তিশালী সুশাসনের কাঠামো প্রতিষ্ঠা করা।

নির্বাচনের পর নিজ এলাকায় এসে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, "আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।"

মাদরাসা ভবন উদ্বোধনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!