ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News
মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ

বিমানে আরও ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে প্রবাসীদের হাহাকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১১:৫৭ এএম

বিমানে আরও ২৭ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে প্রবাসীদের হাহাকার

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে আন্তর্জাতিক আকাশপথ। এর ফলে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আরও ২৭টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে।

আজ রবিবার (১ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় হাজার হাজার যাত্রীর ভিড়। শনিবার থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় শুধু বিমান বাংলাদেশ নয়, দেশি-বিদেশি একাধিক এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করা হয়েছে। অনেক প্রবাসী যাত্রীর ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ফ্লাইট পুনরায় চালুর কোনো নির্দিষ্ট সময় কর্তৃপক্ষ জানাতে না পারায় বিমানবন্দরেই অবস্থান করছেন অনেক হতাশ যাত্রী।

শনিবার থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে। এই রকেট ও ড্রোন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন বেসামরিক বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আকাশপথ নিরাপদ ঘোষণা করা মাত্রই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। তবে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ থাকলেও ইউরোপ ও আমেরিকার ফ্লাইটগুলো এখন পর্যন্ত বিকল্প পথে নির্বিঘ্নে চলাচল করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!