ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন: আটকে পড়া প্রবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:৩৭ পিএম

মন্ত্রীকে প্রধানমন্ত্রীর ফোন: আটকে পড়া প্রবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া কয়েকশ প্রবাসী যাত্রীর সার্বিক নিরাপত্তা ও সেবার খোঁজ নিতে সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফোন করে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শনিবার রাতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী যখন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই প্রধানমন্ত্রী তাঁকে টেলিফোন করেন।

প্রধানমন্ত্রী জানতে চান, যাত্রীদের থাকার জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি না। তিনি নির্দেশ দেন যে, কোনো যাত্রী যেন কষ্ট না পান এবং তাদের আবাসন, উন্নত মানের খাবার ও নিরাপদ যাতায়াতের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বাতিল হওয়া এবং মাঝপথ থেকে ফিরে আসা প্রায় ৮৫০ জন যাত্রীর জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে থাকার ব্যবস্থা ও সেহরির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা বাড়িতে ফিরে যেতে চান, তাঁদের জন্য রবিবার সকাল থেকে বিশেষ বাসের ব্যবস্থা করার বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেন।

ভিসার মেয়াদ শেষ হওয়া বা টিকিট বাতিল হওয়া নিয়ে যখন প্রবাসীরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তখন সরাসরি প্রধানমন্ত্রীর এই তদারকি এবং সরকারের পক্ষ থেকে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত এই বিশেষ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!