ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি এবং দেশের সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আজ রবিবার (১ মার্চ) সচিবালয়ে উচ্চপর্যায়ের একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে আসার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন।
সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের আবাসন ও খাবারের ব্যবস্থা এবং তাদের সার্বক্ষণিক তদারকি করতে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।
পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাম্প্রতিক ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকায় দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বর্তমান জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাব যেন দেশের জ্বালানি খাতে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :