দেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান আজ রবিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন ধরেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশার কথা হলো, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে এবং তিনি স্থিতিশীল রয়েছেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকার গঠিত হওয়ার পর তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বাজেট প্রণয়ন ও দেশের অর্থনৈতিক সংস্কারের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে তাঁর পূর্বনির্ধারিত বেশ কিছু দাপ্তরিক সভা স্থগিত করা হয়েছে। তবে তিনি হাসপাতাল থেকেই জরুরি ফাইলপত্র পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :