বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফা। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট এই শোক ও সমবেদনা পৌঁছে দেন।
টেলিফোন সংলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ওই প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি রাজার উদ্ধৃতি দিয়ে আশ্বস্ত করেন যে, বাহরাইনে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সরকার বদ্ধপরিকর। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের কল্যাণে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সংকটাপন্ন সময়ে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকা ও প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজা ও দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তাঁর পরিবারের জন্য আইনি সহায়তার বিষয়গুলো সমন্বয় করছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে ইরানের ছোড়া মিসাইল বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হলে এর ধ্বংসাবশেষ একটি জনবহুল এলাকায় আছড়ে পড়ে। এতেই ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান। এই ঘটনায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও বাহরাইনের উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস আসায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :