ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১২:৩২ পিএম

গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত জানতে চেয়েছেন গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেওয়া হলো।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি এবং অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম রিট দুটি দায়ের করেন। এছাড়াও গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন।

রিট আবেদনকারীদের দাবি, বর্তমান সাংবিধানিক কাঠামোতে এ ধরনের অধ্যাদেশ বা সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি স্পষ্ট নয়। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়াটিও রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই গণভোট ও সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছিল। হাইকোর্টের এই রুল জারির ফলে সরকারের সংস্কার প্রক্রিয়ায় আইনি জটিলতা তৈরি হবে কি না, তা নিয়ে এখন আইনি মহলে ব্যাপক আলোচনা চলছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!