দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সদস্যদের দেশপ্রেম এবং পেশাদারিত্বের প্রশংসা করেন।
সরকারপ্রধান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সদা প্রস্তুত থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের নিরবচ্ছিন্ন সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী ও মহাপরিচালক একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :