ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

বিচার বিভাগের মূল ক্ষতি করেছে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১২:২৮ পিএম

বিচার বিভাগের মূল ক্ষতি করেছে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বেশি ক্ষতি আর্থিক দুর্নীতি করেনি, বরং ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতি’ করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুধু অর্থনৈতিক অনিয়মকেই দুর্নীতি মনে করার প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধস্তন আদালতের ২৫ জন বিচারককে নিয়ে তিন দিনের এই কর্মশালার আয়োজন করে টিআইবি ও ইউএনডিপি।

সুপ্রিম কোর্টের বিগত বছরগুলোর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট সবচেয়ে স্বাধীন হলেও জাতীয় সংকটকালে তারা কতটুকু মানুষের পাশে দাঁড়িয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ত্রয়োদশ সংশোধনীর রায়কে ‘বুদ্ধিবৃত্তিক দুর্নীতির’ একটি বড় উদাহরণ (বাই-প্রোডাক্ট) হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, বিচারিক পর্যালোচনার (জুডিশিয়াল রিভিউ) নামে এখানে ক্ষমতার অতিরিক্ত অপব্যবহার করা হয়েছে। অতীতে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় এবং গুমের শিকার হওয়া মানুষদের সুরক্ষায় উচ্চ আদালতের চরম ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। এ সময় বিচার বিভাগের পৃথক সচিবালয় ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধান সংশোধনের মাধ্যমে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী।

অধস্তন আদালতের বিচারকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, মফস্বলে অনেক বিচারক জীবনের চরম ঝুঁকি নিয়ে নামমাত্র ভাড়ায় থেকে দায়িত্ব পালন করছেন। তাঁদের সততা ও সামাজিক মর্যাদার বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে থেকে প্রজাতন্ত্রের অন্য কোনো কর্মচারী বা সচিবের সঙ্গে নিজেদের মেলাতে নিষেধ করেন তিনি।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। মানুষ বিপদে পড়লে সৃষ্টিকর্তার পর ন্যায়বিচারের আশায় আপনাদের কাছেই যায়। তাই নিজেদের ও বিভাগের সম্মান রক্ষার নৈতিক দায়িত্ব আপনাদেরই।’

অনুষ্ঠানে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, টিআইবি কেবল আর্থিক লেনদেন নয়; বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারকেও দুর্নীতি হিসেবেই বিবেচনা করে। বিচারকদের আবাসন ও নিরাপত্তা সংকট নিরসনে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যেই সংবিধান সংশোধন ও বিচার বিভাগের শুদ্ধাচার বিষয়ে টিআইবির নতুন সুপারিশমালা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!