ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

এককালীন ১০ লাখ, মাসে ১ লাখ’: চাঁদাবাজির থাবায় ইন্টারনেট সেবা

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৮:১৪ এএম

এককালীন ১০ লাখ, মাসে ১ লাখ’: চাঁদাবাজির থাবায় ইন্টারনেট সেবা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে চাঁদাবাজির জেরে হামলা, গুলি ও প্রাণহানির ঘটনা বাড়ছে। ডিশ বা কেবল টিভি ব্যবসার মতো ইন্টারনেট ব্যবসাকেও এখন পেশিশক্তি ও চাঁদাবাজির মাধ্যমে নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্টরা।

সর্বশেষ গত রোববার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়ে একদল সশস্ত্র যুবক ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে প্রতিষ্ঠানটির দুই কর্মী আহত হন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, গত চার মাস ধরে একটি সন্ত্রাসী চক্র তাদের কাছে এককালীন ১০ লাখ এবং মাসিক এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে।

রামপুরার স্পিড টাচ নেটওয়ার্কের ব্যবস্থাপক মো. পলাশ জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে চারজন যুবক হঠাৎ অফিসে প্রবেশ করে কোনো কথা না বলেই সরাসরি গুলি চালাতে শুরু করে। চারজনের মধ্যে একজনের হাতে পিস্তল ছিল। তিনি বলেন, “দুজনকে গুলি করার পর তারা আরও গুলি করার জন্য অস্ত্র তাক করেছিল, কিন্তু অস্ত্রটি ‘লক’ হয়ে যাওয়ায় আর গুলি বেরোয়নি। এরপর যাওয়ার সময় তারা ককটেল ফাটিয়ে এলাকা ছাড়ে।”

পলাশ আরও জানান, গত জুলাই মাস থেকেই ‘গুঁজা বাদশা ভাইয়ের লোক’ পরিচয় দিয়ে একটি চক্র চাঁদা দাবি করে আসছিল। সর্বশেষ অক্টোবরের শুরুর দিকেও তারা হুমকি দেয়। এরপর রোববার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। আহত দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, তারা প্রতি মাসেই চাঁদাবাজি ও হামলার ডজনখানেক অভিযোগ পাচ্ছেন। গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ‘ডিজিটাল ডট নেট’ এবং গত ৯ জুন ঢাকার লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ১৪ জুন এক সংবাদ সম্মেলনে আইএসপিএবি ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরসহ বিভিন্ন জেলায় আইএসপি ব্যবসায়ীদের ওপর হামলার তথ্য তুলে ধরেছিল।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, “আমরা প্রতি মাসে এ ধরনের অনেক অভিযোগ পাচ্ছি, কিন্তু আমাদের তো পুলিশিং করার ক্ষমতা নেই। আমরা ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রামপুরার বিষয়টি নিয়ে শিগগিরই আমরা আইসিটি মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করব।”

সংগঠনটির সাবেক সভাপতি ইমদাদুল হক বলেন, "সরকার কঠোর না হলে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। চট্টগ্রামের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, ঢাকার ঘটনাতেও এমন শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

ঢাকা মহানগর পুলিশের তদন্তসংশ্লিষ্ট তথ্য এবং গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকার আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত দেড় বছরে রাজধানীতে অন্তত দুজন নিহত হয়েছেন, যারা স্থানীয় পর্যায়ের রাজনৈতিক কর্মী ছিলেন।

গত বছরের ২৫ মে বাড্ডায় ইন্টারনেট ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতা কামরুল আহসান সাধনকে হত্যা করা হয়। এছাড়া, গত জুলাইয়ে মিরপুরে ইন্টারনেট ও অন্যান্য ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে ইউসুফ নামের এক যুবদল কর্মী খুন হন।

খাতসংশ্লিষ্টদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর ইন্টারনেট ব্যবসায়ীদের ওপর স্থানীয় প্রভাবশালী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চাপ আরও বেড়েছে। অনেক ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী বাধ্য হয়ে চাঁদাবাজদের সঙ্গে আপস করছেন বা তাদের ব্যবসায় অংশীদার করে নিচ্ছেন।

বিটিআরসির তথ্যানুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে আইএসপি ও পিএসটিএন সেবার গ্রাহক সংখ্যা এক কোটি ৫৫ লাখ। বর্তমানে দেশে ১০৯টি কোম্পানি জাতীয় পর্যায়ে আইএসপি লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। এর বাইরে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আরও প্রায় আড়াই হাজার লাইসেন্সধারী কোম্পানি রয়েছে।

ইন্টারনেটের এই বিস্তৃত অবকাঠামোকে জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে চিহ্নিত করে এসব প্রতিষ্ঠানে হামলা বা বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করার দাবি জানিয়েছে আইএসপিএবি। অন্যথায় দেশের ইন্টারনেট কানেক্টিভিটি বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

ডিজিএন/এফএ

banner
Link copied!