ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

রাজধানীতে শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ার শেলে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১২:২৯ পিএম

রাজধানীতে শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ার শেলে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে এবার রাজধানীর মিরপুরে লাঠিসোঁটা হাতে সড়কে নেমে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১, ১০ ও ১১ নম্বর এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনদুর্ভোগ এড়াতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। এরপর তারা একটি বড় মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে পৌঁছে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধের চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে বিপুলসংখ্যক পুলিশ তাদের গতিরোধ করে।

এ সময় পুলিশ অত্যন্ত ধৈর্যসহকারে শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ বাধ্য হয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন।

একই সময়ে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচেও একদল শ্রমিক প্রধান সড়কে উঠে অবরোধের চেষ্টা চালান। তবে সেখানে পুলিশের বাড়তি উপস্থিতি ও কড়া পাহারার কারণে তারা সফল হতে পারেননি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, "শ্রমিকরা সড়কে অবস্থান নিতে চেষ্টা করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলে বুঝিয়েছি যে, সরকার আপনাদের দাবিদাওয়া মেনে নিচ্ছে, তাই কোনো অবস্থাতেই সড়ক বন্ধ করা যাবে না।" পরে পুলিশের মাইকিং ও হস্তক্ষেপে ওই শ্রমিকেরা রাস্তার পাশেই নিজেদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করে এলাকা ত্যাগ করেন।

মিরপুর-১০ নম্বরের পরিস্থিতি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, "শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে।" তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চলছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই ঢাকা ও এর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করেছিল।

কিন্তু সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই মিরপুর, সাভার ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে আবারও সড়কে নামলেন পোশাক শ্রমিকরা। বর্তমানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মিরপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!