ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে বিএনপি`র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, দলের চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেছেন।
ঢাকা-১৭ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়- বিশেষ করে বনানী, মহাখালী ও গুলশান সংলগ্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যারিস্টার জাইমা রহমান ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণকালে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।” তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
তিনি তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঙ্গে নিয়েই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়-যেখানে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে।
এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, ঢাকা-১৭ আসনে সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ বাড়ছে এবং মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হবেন।
কর্মসূচি চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের কন্যা হিসেবে ব্যারিস্টার জাইমা রহমানের সরাসরি মাঠপর্যায়ে অংশগ্রহণ বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে। এতে তরুণ ও শিক্ষিত ভোটারদের মাঝে দলটির গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :