১১-দলীয় জোট পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করে না-বিএনপির এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, সরকার তাঁদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারসহ প্রধান তিনটি দাবি...
১১-দলীয় জোট পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি পালন করে না-বিএনপির এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, সরকার তাঁদের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারসহ প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নেভিগলিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির অভিযোগ ভিত্তিহীন আখ্যা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে তাঁদের কর্মসূচি অব্যাহত রয়েছে এবং গত রোববারও তাঁরা দুটি মিছিল করেছেন।
তিনি বলেন, “আমরা শুরু থেকেই স্পষ্ট করে বলছি, বাংলাদেশকে নতুন করে গড়তে হলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ বাদ দিতে হবে এবং এর জন্য কাঠামোগত সংস্কার অপরিহার্য। ১১-দলীয় জোট প্রথম দিন থেকেই এই অবস্থানে অনড় রয়েছে।”
চলমান আন্দোলনের মূল ইস্যুগুলো তুলে ধরে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারসহ সুনির্দিষ্ট তিনটি দাবিতে তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন। কিন্তু সরকার এখনো এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।”
বিশ্লেষকদের মতে, তাঁর এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা হলো- এই তিন দাবি বাস্তবায়িত হলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ বা বন্ধ হয়ে যাবে। এর ফলে দলটির নেতাকর্মীরা রাজধানীসহ দেশের কোথাও আর নাশকতা বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাবে না।


আপনার মতামত লিখুন :