ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টেনেসি অঙ্গরাজ্যে পরপর দুই দিনে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, নোয়াখালীর মো. রাজু ও ঢাকার সাভারের মহসিন রানা (৩৮)। নিউইয়র্কের ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। পৃথক এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বেলস শহরে গত রোববার ভোরে একটি গ্যাস স্টেশনে ডাকাতির সময় সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে মহসিন রানা নিহত হন। স্থানীয় ৫০৫৪ হাইওয়ে ৪১২ সাউথে অবস্থিত এক্সন সাফারি কর্নার মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এক ক্রেতা দোকানে ঢুকে কর্মীকে (মহসিন) গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে ৯১১ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবার কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মহসিনের বাড়ি ঢাকার সাভারে। উন্নত জীবনের আশায় প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দেশে তাঁর স্ত্রী এবং ১২ ও ৫ বছর বয়সী দুই ছেলে রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজন এক ব্যক্তিকে এরই মধ্যে আটক করা হয়েছে। বর্তমানে এফবিআই, এটিএফসহ একাধিক সংস্থা ডাকাতি ও হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।
এর আগের দিন গত শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর অতর্কিত গুলিতে মো. রাজু নামে আরেক বাংলাদেশি প্রাণ হারান। ব্রুকলিনের রাউনসভিল এলাকায় ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি রেস্তোরাঁয় এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারী হঠাৎ রেস্তোরাঁয় প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বুকে গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে স্থানীয় ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
নিহত রাজুর দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। মাত্র কয়েক বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন শুরু করার কয়েক বছরের মধ্যেই এমন মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবারের স্বজনরা ভেঙে পড়েছেন। পরপর এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :