ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

প্রবাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০২:৫২ পিএম

বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) বা একাধিকবার প্রবেশের সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকেরা এই সুবিধার আওতার বাইরে পড়েছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই নীতির কথা জানানো হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের ওই ঘোষণায় বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর (২০২৬) থেকে ঢালাওভাবে সব দেশের নাগরিকদের জন্য আর মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না। নতুন এই নিয়মের ফলে বাংলাদেশ থেকে সাধারণ ভিজিট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে।

এর পরিবর্তে বাংলাদেশি পর্যটকদের জন্য এখন থেকে সাধারণত ‍‍`সিঙ্গেল এন্ট্রি‍‍` বা একবার প্রবেশের ভিসাই প্রযোজ্য হবে। যেসব দেশের নাগরিকদের জন্য মাল্টিপল ভিসা সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে, তাদের একটি তালিকাও প্রকাশ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

তবে সাধারণ পর্যটকদের জন্য সীমিত করা হলেও নির্দিষ্ট কিছু উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে এখনো মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

ইমিগ্রেশন বিভাগ আরও স্পষ্ট করেছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করার এই নতুন ঘোষণাটি কেবল ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না।

ডিজিএন/এনএস

banner
Link copied!