দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জামাল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারের সচ্ছলতার আশায় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। দেশটির রাজধানীতে একটি ভ্যারাইটি সুপারশপ দিয়ে ব্যবসা করতেন তিনি।
গত বুধবার রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় তাঁর দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে ওই কর্মচারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত জামালের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জামালের বাবা মো. ছিডু মিয়া ব্যাপারী বলেন, তাঁর ছেলে নিজের কষ্টার্জিত অর্থে বিদেশে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে ছেলেকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
ছেলেকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আকুল আবেদন জানান।
এ বিষয়ে মতলব উত্তরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলছে এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :