সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে নতুন তথ্য জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের ব্যক্তিগত তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের পাশাপাশি ব্যাপক চাহিদার কারণে ই-পাসপোর্ট হাতে পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে ই-পাসপোর্টের চাহিদা বহুগুণ বেড়েছে। আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোলমেন্ট হতো, সেখানে দূতাবাসের প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ নেওয়া হয়েছে।
এর মধ্যে ইতিমধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে, প্রিন্টিং অবস্থায় আছে ২৫ হাজার ৪৬৭টি এবং আরও ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বর্তমানে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী একটি ক্যাম্পে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের কাজ চলছে।
পাসপোর্ট বিতরণে বিলম্ব হওয়ার মূল কারণ হিসেবে দূতাবাস জানিয়েছে, অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে অসংগতি এবং একাধিক পাসপোর্ট সংক্রান্ত জটিলতা রয়েছে।
এসব তথ্য যাচাই-বাছাই করতে অতিরিক্ত সময় লাগছে। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের ক্ষেত্রে প্রবাসীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বলেছে, পাসপোর্ট সেবা দ্রুত ও সহজ করতে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :