ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ১১:০৪ এএম

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর!

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে এই আবেদন করা যাবে এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।

গতকাল বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা নির্বাচন করে অনলাইনে ইলেকট্রনিক ফরম (ইএফএফ) পূরণ করতে হবে।

ফরম পূরণের পর সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রিন্ট করার সুযোগ পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীর ফি গ্রহণ করা হবে না।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পত্র বা বিষয়ের তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি দিতে হবে ৪৫০ টাকা।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সম্ভাব্য কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী এবং অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!