ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন: আবেদন প্রায় ১১ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ১২:৩৭ পিএম

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন: আবেদন প্রায় ১১ লাখ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পেয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এর মধ্যে কেবল ঢাকা বোর্ডেই সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং আইসিটি বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে, যা অন্যান্য যেকোনো বিষয়ের চেয়ে বেশি।

ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার পেছনে শিক্ষক সংকটকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, অনেক সরকারি-বেসরকারি কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই, ফলে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে ক্লাস করানো হয়। এ ছাড়া আইসিটির সিলেবাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য হলেও মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য তা বেশ কঠিন।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রেও ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। অন্যদিকে, বিজ্ঞান বিভাগের রসায়নে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন পড়েছে। মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন এসেছে। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানে প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, চলতি বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যার সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় ছিল রোববার দুপুর ১২টা পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছিল, যেখানে ফেল থেকে পাস করেছিল ৪ হাজার ৫৮৫ জন।
 

ডিজিএন/এএফ

banner
Link copied!