ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপে বসছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:১১ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপে বসছে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ ও মতবিনিময় শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। প্রথম দল হিসেবে আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবে। তবে জাতীয় ঐক্যের ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে আজকের সংলাপে প্রধানমন্ত্রীকে দুটি শর্ত দেবে দলটি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেদিন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে এই সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনায় বসার কথা রয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে থাকায় আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার পর তাঁর দলের সঙ্গে সংলাপ হতে পারে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার গণমাধ্যমকে বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিয়েছেন। এটিকে সবারই সাধুবাদ জানানো উচিত।

অন্যদিকে, যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে রোববার বিকেলে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দেশের সংকটকালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁরা সংলাপে সাড়া দিয়েছেন এবং প্রধানমন্ত্রী পরিস্থিতি কীভাবে মোকাবিলা করতে চান, তা শুনবেন।

তবে জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে সরকারকে অবিলম্বে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ বাতিল করতে হবে এবং ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ নিতে হবে। পাশাপাশি বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, কেবল ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর জন্য জাতীয় ঐকমত্য চেয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

এছাড়া গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য সম্ভব বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এনসিপি রাজপথে থাকবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে এবং সেই শক্তিকে তাঁরা রাজপথেই মোকাবিলা করবেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!