ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

১১ দলীয় জোট জিতলে মন্ত্রী হবেন নাহিদ ইসলাম: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:৫৪ পিএম

১১ দলীয় জোট জিতলে মন্ত্রী হবেন নাহিদ ইসলাম: জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট বিজয়ী হলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সরকারের মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জনসভায় জামায়াত আমির বলেন, “নাহিদ ইসলামকে আমরা এখানে প্রার্থী করেছি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন। এই নাহিদ ইসলামরাই আগামী দিনের ‘বাংলাদেশ’ নামের জাহাজের ক্যাপ্টেন হিসেবে কাজ করবে, আর আমরা থাকব পেছনের সিটে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, যুব সমাজই বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, “অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল বলেই দেশ এগোতে পারেনি। আমরা দেশের মালিক হতে চাই না, ১৮ কোটি মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার বা সেবক হতে চাই।” তিনি আরও যোগ করেন, জামায়াত ও তাদের সহযোগীরা জান-প্রাণ দিয়ে জুলাই বিপ্লব সফল করেছে, একইভাবে আগামী দিনের দায়িত্বও পালন করবে।

একটি বেইনসাফি, চাঁদাবাজ, দখলবাজ এবং আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা এমন কোনো আশ্বাস দেব না যা বাস্তবায়ন করতে পারব না। যা বলব, ইনশাআল্লাহ জান-প্রাণ দিয়ে তা করার চেষ্টা করব।”

ডিজিএন/এনএস

banner
Link copied!