ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

দেশ গড়ার পরিকল্পনা ও অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০২:১০ পিএম

দেশ গড়ার পরিকল্পনা ও অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যাদের দেশ পুনর্গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনও জনগণকে রেখে চলে যায়নি। জনগণের সুখ-দুঃখে সব সময় পাশে ছিল। অতীতে যতবার সুযোগ পেয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে দেশ গড়বার চেষ্টা করেছে।”

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, “খালেদা জিয়া বলেছেন বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। শুধু খালেদা জিয়া নন, আমাদের সকলেরই শেষ ঠিকানা এই প্রিয় জন্মভূমি।” এসময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে তাঁর বক্তব্যে সংহতি জানান।

স্বৈরাচারী শাসনের ফলে ধ্বংস হওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, “দেশকে স্বৈরাচার শেষ করে দিয়ে গেছে। দেশ যেহেতু আমাদের, তাই বাইরে থেকে কেউ এসে গড়ে দিয়ে যাবে না। আমাদেরই গড়তে হবে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার এবং সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।”

ঢাকা-১৭ আসনের ভোটারদের পাশাপাশি সারাদেশের মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “আসুন দেশ গঠন করি, মানুষের ভাগ্য পরিবর্তন করি। আপনারা সারাদেশে ছড়িয়ে থাকা আপনাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের অনুরোধ করুন যেন তারা ধানের শীষকে বিজয়ী করে। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”

ডিজিএন/এনএস

banner
Link copied!