ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধ: ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিলের আল্টিমেটাম জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:০০ পিএম

ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধ: ৫টার মধ্যে প্রজ্ঞাপন বাতিলের আল্টিমেটাম জামায়াতের

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের ওপর নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে এই ‘হঠকারী’ প্রজ্ঞাপন বাতিল করা না হলে নির্বাচন কমিশন ভবন ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছে দলটি।

এক বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে’ হাঁটার চেষ্টা করছে।

তিনি বলেন, “ভোটের দিনটি গণতন্ত্রের উৎসবে পরিণত হওয়া উচিত। ভোটাররা গর্বভরে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের স্বাধীনতা উপভোগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করা মানেই হচ্ছে ভোট জালিয়াতির সুযোগ করে দেওয়া।”

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ভোটারদের স্বাভাবিক অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। আজ বিকেল ৫টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল নির্বাচন কমিশন অভিমুখে ঘেরাও কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে আরও বলেন, “দেশের মানুষ নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। কেউ যদি তরুণ প্রজন্মের ভোটাধিকার কেড়ে নিতে চায় বা হস্তক্ষেপে চেষ্টা করে, তবে জাতি তা মেনে নেবে না। ভোটের অধিকার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে লড়াই করেই তা রক্ষা করা হবে।”

শুধুমাত্র জামায়াত নয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তকে ‘ভোট চুরির সুপরিকল্পিত কৌশল’ বলে অভিহিত করেছেন এবং জনগণকে প্রয়োজনে ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!