মানবিক ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে দল-মত-নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়েই আমাদের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আঘাত করার চেষ্টা করে, তবে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।” তিনি রাষ্ট্রীয় দায়িত্বকে উপভোগের বিষয় নয়, বরং আল্লাহর কাছে জবাবদিহিতার ‘আমানত’ হিসেবে উল্লেখ করেন।
তরুণ প্রজন্মকে ‘নতুন বাংলাদেশ ২.০’-এর কারিগর আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, “তরুণরা সত্য বলতে দ্বিধা করে না, তারা প্রযুক্তি বোঝে। আমরা তরুণদের হাত ধরতে চাই। পারিবারিক পরিচয়ে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।”
দেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরে তিনি ৫টি বিষয়ে ‘হ্যাঁ’ এবং ৫টি বিষয়ে ‘না’ বলার আহ্বান জানান। ‘হ্যাঁ’ বলুন: সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে। ‘না’ বলুন: দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে।
গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট প্রার্থনা: রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন তিনি।
তিনি বলেন, “জুলাই বিপ্লব হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। সেই আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।”
নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমরা ক্ষমতায় এলে নারীরা সগৌরবে সমাজের নেতৃত্বে থাকবেন। করপোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার যথাযথ মূল্যায়ন হবে।” এছাড়া তিনি প্রবাসীদের ভোটাধিকার ও মর্যাদা রক্ষা এবং ওলামায়ে কেরামদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন ডা. শফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :