ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

যে ভোটকেন্দ্রের দায়িত্বে শুধুমাত্র নারীরা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৪৩ পিএম

যে ভোটকেন্দ্রের দায়িত্বে শুধুমাত্র নারীরা

দীর্ঘ ৫৪ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোটকেন্দ্রে ফিরিয়ে আনতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পীরের ‘নিষেধাজ্ঞা’ মেনে দশকের পর দশক ধরে ভোট থেকে দূরে থাকা প্রায় ১০ হাজার নারী ভোটারকে বুথমুখী করতে এবার নারী ম্যাজিস্ট্রেট ও নারী কর্মকর্তাদের সমন্বয়ে এক বিশেষ বলয় তৈরি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৯-৭০ সালের দিকে জৈনপুরের পীরের এক ‘অনুরোধে’র পর থেকে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন। এর পর থেকে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে নারীরা হাট-বাজার বা অন্যান্য সামাজিক কাজে সরব থাকলেও ভোটদান থেকে বিরত থেকেছেন। মাঝেমধ্যে দু-একজন প্রার্থীর আত্মীয়রা ভোট দিলেও তা ছিল নামমাত্র।

আগামীকাল ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রে আনার উদ্যোগ নিয়েছেন।

ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ৮টি কেন্দ্রের ২০টি নারী বুথের জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব স্তরের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের দলেও থাকছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য। প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা নারী বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া জানান, এই ইউনিয়নে মোট নারী ভোটার রয়েছেন ১০ হাজার ২৯৯ জন। তাঁদের পর্দা রক্ষা করে ভোটাধিকার নিশ্চিত করতে এরই মধ্যে এলাকায় ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “নারীদের পর্দা মেনে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। সহকারী প্রিজাইডিং থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই নারী থাকবেন। আশা করছি এবার রূপসা দক্ষিণের নারীরা তাঁদের দীর্ঘদিনের প্রথা ভেঙে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হবেন।”

ডিজিএন/এনএস

banner
Link copied!