ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট জামায়াত আমির, তবে ভোট লুটপাটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৪:১৭ পিএম

সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট জামায়াত আমির, তবে ভোট লুটপাটের শঙ্কা

“এখন পর্যন্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। আমরা প্রত্যাশা করি, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ পর্যন্ত তাঁরা এই নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবেন।” বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের যে চেতনার প্রতি সম্মান রেখে এ দেশে নতুন সূর্যের উদয় হয়েছে, সেই চেতনারই বিজয় হবে আজকের নির্বাচনে। এই নির্বাচন ফ্যাসিবাদবিরোধী সব আত্মদানের সম্মিলিত ফসল।” তিনি বিশ্বাস করেন, দেশের ১৮ কোটি মানুষ আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।

সেনাবাহিনীর ওপর আস্থা প্রকাশ করলেও নির্বাচনের মাঠের চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, রাজধানীর মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী প্রার্থীর সমর্থকরা জামায়াত কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, “মিরপুরের একটি কেন্দ্রে আমাদের সমর্থকদের ওপর হামলা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল ও প্রার্থীর ওপর চড়াও হওয়ার খবর আমরা পেয়েছি। এসব নিয়ন্ত্রণ করা না গেলে এই নির্বাচনকে আমরা কোনোভাবেই সুষ্ঠু বলতে পারব না।”

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “ভোট যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু হয়, তবে ফলাফল যাই হোক আমরা তা মেনে নেব। কিন্তু জালিয়াতি বা পেশী শক্তির মাধ্যমে জনগণের রায় ছিনতাই করা হলে তা দেশবাসী মেনে নেবে না।”

ডিজিএন/এনএস

banner
Link copied!