ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News
ভোররাতে ইসিতে জামায়াত

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:৪২ এএম

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে ‘ঘষামাজা’ বা টেম্পারিংয়ের অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকর্মীদের বলেন, “জনতার দেওয়া ভোটের রায় প্রকাশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা লক্ষ্য করছি, জামায়াতের শীর্ষ নেতাদের নির্বাচনী এলাকায় ফলাফল ঘোষণায় অস্বাভাবিক গড়িমসি করা হচ্ছে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে ফলাফল টেম্পারিং করছেন।” তিনি অভিযোগ করেন, এটি জনগণের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে পুনরায় ফ্যাসিবাদ কায়েমের একটি কলাকৌশল।

জামায়াত নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি জনতার রায় নিয়ে কোনো ধরনের তালবাহানা করা হয়, তবে সারা দেশে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা নির্বাচন কমিশনের বক্তব্য শুনছি। যদি সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হয়, তবে ১১দলীয় জোট অচিরেই কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগবিহীন লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মধ্যে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন আসনে ফলাফলের গতিপ্রকৃতি পাল্টে যাওয়ার অভিযোগ তুলে জামায়াত নেতাকর্মীরা ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতোমধ্যেই অনিয়মের সুনির্দিষ্ট তালিকা ইসিতে জমা দিয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!