চট্টগ্রামের ফটিকছড়ি (চট্টগ্রাম-২) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) সংসদীয় আসনে বিএনপির দুই প্রার্থী বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হলেও তাঁদের চূড়ান্ত বিজয়ের গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতে অর্থ ঋণ সংক্রান্ত আপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক চৌধুরী পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। অন্যদিকে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও বিএনপির সরওয়ার আলমগীর বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুই প্রার্থীর বিরুদ্ধেই অর্থ ঋণ আদালতে মামলা রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ৩ ফেব্রুয়ারি এক আদেশে তাঁদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও শর্ত জুড়ে দেন যে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে। ফলে ইসি আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই আসনসহ শেরপুর-২ আসনের গেজেট প্রকাশ স্থগিত করার ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীর জানান, তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রবিবার হাইকোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হলে এই আপিল শুনানি শেষ হবে এবং আইনি বাধা কেটে যাবে বলে তাঁরা দৃঢ়ভাবে আশাবাদী। জনরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :