ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও কোনো ধরনের বিজয় মিছিল বা আনন্দ সভা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর সার্বিক কল্যাণে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল মসজিদে নয়; মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ লড়াইয়ের পর ক্ষমতায় ফিরলেও ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোক এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিএনপি সংযত আচরণের পরিচয় দিচ্ছে। বিজয় মিছিল এড়িয়ে দোয়া মাহফিলের এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংহতি ও সহনশীলতার বার্তা দেবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :