ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:২২ পিএম

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

জাতীয় রাজনীতির পরিচিত কণ্ঠস্বর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নির্বাচনী অভিযান শেষ হলো বড় ধরনের ভরাডুবির মধ্য দিয়ে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তিনি শুধু পরাজিতই হননি, খুইয়েছেন নির্বাচনী জামানতও। গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকলেও তৃণমূলের ভোটবাক্সে ‘কেটলি’ প্রতীকের এমন করুণ পরিণতি এই আসনের নির্বাচনী ফলাফলের সবচেয়ে বড় চমক।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ আসনে এবার ভোট পড়েছে ৭২.৬৩ শতাংশ। মোট বৈধ ভোট ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। নির্বাচনী আইন অনুযায়ী, জামানত রক্ষার জন্য ন্যূনতম ১২.৫ শতাংশ বা ৩০ হাজার ৪৭৬টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু মাহমুদুর রহমান মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ। অর্থাৎ জামানত রক্ষার ন্যূনতম সীমা থেকে তিনি প্রায় ২৭ হাজার ভোট দূরে ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মান্নার এই পরাজয়ের পেছনে তিনটি বড় কারণ কাজ করেছে: সাংগঠনিক দুর্বলতা: জাতীয় পর্যায়ে পরিচিতি থাকলেও শিবগঞ্জে নাগরিক ঐক্যের তৃণমূল কাঠামো নেই বললেই চলে। কেন্দ্রভিত্তিক এজেন্ট ও ভোটার ব্যবস্থাপনায় দলটি ব্যর্থ হয়েছে। দ্বিমুখী লড়াইয়ের প্রবণতা: ভোটাররা বড় দলগুলোর (বিএনপি ও জামায়াত) দ্বিমুখী লড়াইয়ের বাইরে তৃতীয় কোনো শক্তিকে জায়গা দিতে অনিচ্ছুক ছিলেন। কৌশলগত ভোট: অনেক ভোটার ‘জেতার সম্ভাবনা’ বিবেচনা করে শেষ মুহূর্তে নিজেদের ভোট মূল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ রেখেছেন।

শিবগঞ্জের এই ফলাফল প্রমাণ করল যে, টকশো বা গণমাধ্যমের জনপ্রিয়তাই ভোটের বাক্সে সমর্থনের নিশ্চয়তা দেয় না। তৃণমূল সংগঠন ছাড়া জাতীয় পরিচিতি নির্বাচনী রাজনীতিতে কতটা অসহায়, মান্নার ফলাফল তারই বাস্তব উদাহরণ।

ডিজিএন/এনএস

banner
Link copied!