ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও জনরায় মেনে নিয়ে সংসদে ‘সতর্ক, নীতিবান ও শান্তিপূর্ণ’ বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, নির্বাচনে জয়-পরাজয় বড় কথা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখাই মূল লক্ষ্য।
তিনি বলেন, “আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন (জোটসহ) নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতি প্রায় চার গুণ বাড়িয়েছি। এটি কোনো বিপত্তি নয়, বরং ভবিষ্যতে শক্তিশালী অবস্থানে যাওয়ার একটি ভিত্তি।”
রাজনীতির মোড় পরিবর্তনের উদাহরণ দিতে গিয়ে তিনি ২০০৮ সালের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি লেখেন, “২০০৮ সালে বিএনপি ৩০টি আসনে নেমে এসেছিল, কিন্তু ১৮ বছরের দীর্ঘ লড়াই শেষে ২০২৬ সালে তারা আবার সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ যাত্রা।” তিনি স্পষ্ট করেন যে, জামায়াতের লক্ষ্য কেবল একটি নির্বাচন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা।
নতুন সংসদে জামায়াতের ভূমিকা কী হবে, তা পরিষ্কার করে আমির বলেন, “আমরা সরকারকে জবাবদিহির আওতায় রাখব এবং জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করব। নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট থাকবে।”
তিনি একই সাথে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা প্রচারণার সময় নানা হয়রানির শিকার হয়েছেন।


আপনার মতামত লিখুন :