ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের আনুষ্ঠানিকতার আগেই তিনি সশরীরে দেখা করতে যাচ্ছেন তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ও উদীয়মান তরুণ নেতৃত্বের সঙ্গে। বিএনপি দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।
দলীয় সূত্র মতে, রবিবার সন্ধ্যা সাতটায় তারেক রহমান প্রথমে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে যাবেন। সেখানে নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হতে পারে। এরপর তিনি বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাবেন।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এই সফর কেবল সৌজন্যমূলক নয়; বরং এটি ‘নতুন বাংলাদেশের’ জন্য একটি শক্তিশালী বার্তা। দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক অচলায়তন ভেঙে একটি অংশগ্রহণমূলক ও সহনশীল গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতেই বিজয়ী দলের প্রধান হয়েও তিনি অন্য দলগুলোর দ্বারে যাচ্ছেন। প্রতিহিংসার বদলে আলাপ-আলোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে অঙ্গীকার বিএনপি দিয়েছে, এই পদক্ষেপ তারই প্রতিফলন।
বিশেষজ্ঞরা মনে করছেন, হবু প্রধানমন্ত্রীর এই সফর সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ঐকমত্য তৈরিতে বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :