ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি, ফলাফল শিটে ঘষামজা এবং নির্বাচন-পরবর্তী দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রাজপথে নামছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সাথে এক জরুরি বৈঠক শেষে জোটের পক্ষ থেকে আগামীকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার সময় ব্যাপক অনিয়ম হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “অনেক কেন্দ্রে ১১ দলের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে ঘষামজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিং করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৬ আসনে ফলাফল শিট পেন্সিল দিয়ে লেখা হয়েছে এবং অনেক জায়গায় আসল পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করা হয়েছে।”
নির্বাচনোত্তর পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জামায়াত নেতারা জানান, দেশের বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মীদের বাড়িঘরে বর্বরোচিত হামলা হচ্ছে। ভোটারদের ভয়-ভীতি দেখানোর কারণে ভোটের হারও প্রত্যাশার চেয়ে কম হয়েছে বলে তারা দাবি করেন। ইসির কাছে বারবার প্রতিকার চাইলেও কোনো সন্তোষজনক পদক্ষেপ না পাওয়ায় তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল সোমবার আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। জোটের নেতারা সাফ জানিয়েছেন, যদি এই ৩০টি আসনের ফলাফল পুনঃগণনা করে প্রকৃত বিজয়ীদের নাম ঘোষণা করা না হয়, তবে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :