প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) `আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস` উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
জামায়াত আমির বলেন, "দেশের মানুষের প্রত্যাশা, নতুন সরকার দেশে মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।"
দেশ এক ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে তিনি বলেন, "পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলা করতে হবে।"
বায়ান্নর ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-যুবসমাজের সেই ঐতিহাসিক আন্দোলনই আজ আমাদের বিশ্বদরবারে মর্যাদা দিয়েছে। জাতি তাঁদের চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করতে দলের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :