অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায় সূচিত হলো। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১০ মিনিটের দিকে ১১-দলীয় জোটের নেতাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জামায়াতের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে আগে কখনো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান এই ‘রীতি’ ভাঙার ব্যাখ্যা দেন।
তিনি বলেন, “এবার আমার এখানে আসা রাষ্ট্রীয় আচার হিসেবে। সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শহীদ মিনারে আসা আমার পবিত্র দায়িত্ব। আমাকে আমার সঙ্গীদের নিয়ে আসতে হবে, তাই আমি এসেছি।”
জামায়াত আমির তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি ইতিহাসের সকল পর্যায়ের শহীদদের স্মরণ করেন।
তিনি বলেন, ১৯৫২-র ভাষা শহীদ থেকে শুরু করে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে যারা ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা।
শহীদদের প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি মন্তব্য করে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ‘ইনসাফপূর্ণ’ সমাজ গড়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের অন্যান্য সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :